ইউনিয়ন গঠন করলেন গুগল কর্মীরা
কোম্পানিতে নিজেদের স্বার্থ সুরক্ষায় প্রথমবারের মতো ইউনিয়ন গঠন করেছেন ‘গুগল’ এবং এর প্যারেন্ট কোম্পানি ‘অ্যালফাবেট’ এর শত শত কর্মচারী। অ্যালফাবেট ওয়ার্কার্স ইউনিয়ন গঠনের এই ঘটনাকে এখন পর্যন্ত প্রযুক্তি শিল্পের জন্য একটি বিরল পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, কোম্পানির নির্বাহী নেতৃত্বের জন্য এখনও পর্যন্ত সবচেয়ে বড় ও সুসংগঠিত চ্যালেঞ্জের প্রতিনিধিত্ব করছে এই ইউনিয়ন।
অ্যালফাবেট কর্মী এবং প্রযুক্তি জায়ান্টটি পূর্ণ সময়ের শ্রমিক ও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়েই এই শ্রমিক সংঘটি পরিচালতি হবে বলে স্থানীয় সময় সোমবার সকালে ঘোষণা দেয়া হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে গুগলের সফটওয়্যার প্রকৌশলী ডিলান বেকার এই ইউনিয়নকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছেন।
সেখানে তিনি বলেছেন, প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানের সকল কর্মীদের নিয়ে গঠিত কোম্পানির এই প্রথম ইউনিয়নে আমরা প্রতিনিধি নির্বাচন করব, আমরা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নেব, আমরা বকেয়া পরিশোধে উদ্যোগ নেবো এবং আমরা দক্ষ সংগঠক নিয়োগ করব যাতে গুগল এর সকল কর্মী জানতে পারে যে তারা আমাদের সাথে কাজ করতে পারে যদি তারা সত্যিই তাদের কোম্পানিকে তাদের মূল্যবোধের প্রতিফলন দেখতে চায়।
সোমবার সকালে প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের একটি উপ-সম্পাদকীয়কে জানানো হয়, ২০০ জনেরও বেশী সদস্য নিয়ে এই উদ্যোগ শুরু হয়েছে। এই গ্রুপের ২২৬ জন সদস্য দেশের অন্যতম বৃহৎ শ্রমিক ইউনিয়ন কমিউনিকেশন ওয়ার্কার্স অফ আমেরিকা (সিডাব্লিউএ) এর সাথে ইউনিয়ন কার্ডে স্বাক্ষর করেছে।
গুগলের একজন সফটওয়্যার প্রকৌশলী অ্যান্ড্রু গেইনার-দেওর, যিনি এই প্রচেষ্টার নেতৃত্ব দিতে সাহায্য করেছিলেন, তিনি সিএনএন জানিয়েছেন, এক বছর আগে গোপনে এই ইউনিয়ন গঠনের কাজ শুরু হয়। একজন-একজন করে আমরা সদস্য সংগ্রহ করেছি, যারা এখন প্রকাশ্যে এসেছেন। সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও কর্ম পরিবেশের হতাশা থেকে উদ্ভূত পরিস্থিতি থেকেই এই ইউনিয়ন গঠিত হয়েছে।